১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল শুরু
১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ঢাকার উত্তরের পথে রেল চলাচল স্বাভাবিক হলো। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় শুক্রবার রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
কমলাপুর রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার আগে আবার ট্রেন চলাচল আবার শুরু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন পার হচ্ছিল পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস। স্টেশন পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তাতে করে ঢাকা-রাজশাহী ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খোজ নিয়ে জানা গেছে, রাত ২টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন যায় গাজীপুরে। ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কাজ শুরু করে। শনিবার ভোর ৭টার দিকে ইঞ্জিন ও ও বগি উদ্ধার করা হয়। এরপর লাইন কতোটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরীক্ষা করা হয়। সবকিছু দেখেশুনে নিশ্চিত হওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়। পঞ্চগড় এক্সপ্রেস গন্তব্যে রওনা দেয়।
এই দুর্ঘটনার পর কুড়িগ্রাম এক্সপ্রেস আটকা পড়েছিল জয়দেবপুর স্টেশনে আর ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস মির্জাপুর রেলস্টেশনে আটকা পড়েছিল।