শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

১১ দিনে এক পরিবারের ৪ জনের মৃত্যু : বরগুনা

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মার্চ 2022, 09:38 সকাল • 303 বার পঠিত
১১ দিনে এক পরিবারের ৪ জনের মৃত্যু : বরগুনা

একটি পরিবারে সদস্য ছিলেন ছয়জন। অভিভাবক হিসেবে পরিবারের ছায়া আছেন আব্দুল খালেক। কিন্তু গত ৭ মার্চ তার পরিবারের ওপর প্রথম ধাক্কা আসে। এমন ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকায়।

জানা গেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশে গত ৭ মার্চ বাড়ি থেকে রওনা দেন। ভাই সিদ্দিক পাহলানের বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ গাড়িচাপায় পিষ্ট হয়ে নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিব নিহত হন। তাদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম ও পরিবারের লোকজন।

স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে গত রোববার ভোররাতে নুরুন্নাহারের স্বামী মো. আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। ছেলের আবুল কালাম, ছেলের বউ ও নাতির মৃত্যুতে অসুস্থ হয়ে পরেন মা তারা ভানু। ছেলের মৃত্যুর চারদিন পরে বৃহস্পতিবার বিকেলে মা তারা ভানু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িতে সুনসান নীরবতা। স্বজনদের কান্নার শব্দ নেই। বাবা আব্দুল খালেক গুরুতর অসুস্থ, নাতনি পারভীন আক্তার মানসিক ভারসাম্য হারিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছেন। এলাকাবাসী তারা ভানুর লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেশী মো. রফিকুল ইসলাম মঞ্জু বলেন, ছেলে, ছেলের বউ ও নাতি হারানো শোক সইতে না পেয়ে মা তারা ভানু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ১১ দিনের মাথায় একই পরিবারে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরো বলেন, এখন অসুস্থ আব্দুল খালেক ও তার নাতনিকে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু হতদরিদ্র এ পরিবারের পক্ষে ভালো চিকিৎসা করা সম্ভব নয়। দ্রুত তাদের চিকিৎসা করাতে না পারলে আবার কী অঘটন ঘটে।