১০টির বেশি চীনা প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করবে যুক্তরাষ্ট্র
অনলাইন নিউজ পোর্টাল
•
09 জুলাই 2021, 08:03 রাত
•
484 বার পঠিত
জিনজিয়াংয়ে উচ্চ প্রযুক্তি নজরদারি ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০টির বেশি চীনা প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
গত মাসে মার্কিন বাণিজ্য বিভাগ ঘোষণা করেছিল যে, তারা আরো পাঁচটি কোম্পানি ও অন্যান্য চীনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করবে। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার এ পদক্ষেপটি এলো।
উইঘুর নির্যাতনের অভিযোগে মার্কিন বিচার বিভাগ নতুন করে অন্তত ১৪টি চীনা প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করতে পারে। তবে এসব প্রতিষ্ঠানের নাম এখনো জানা যায়নি।
নতুন বিধিনিষেধের খবরের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনের চীনা দূতাবাস। কিছু বলতে রাজি হয়নি হোয়াইট হাউস, আর মার্কিন বাণিজ্য বিভাগ থেকে এ বিষয়ে কোনো সাড়াই পাওয়া যায়নি।