১০ লাখ মুসলমান হজ করতে পারবেন এই বছর
এবার ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর হজকে সীমিত পরিসরে করে তোলা হয়েছিল। বাইরের দুনিয়ার হজে যাওয়ার সুযোগ ছিল না। এবার আবার অনেকটা আগের মতো হতে যাচ্ছে সব।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি শনিবার জানায়, এই বছর ১০ লাখ মুসলমান হজ করতে পারবেন। সেই অনুমতি দেওয়া হবে।
প্রতিবছর অন্তত ২৫ লাখ মুসলমান সৌদি আরবে হজ করতে যেতেন। কিন্তু ২০১৯ এর শেষ দিকে দুনিয়ায় আসে করোনা। এরপর থেকে বিদেশ থেকে কাউকে হজ পালন করতে যাওয়ার অনুমতি দেয়নি সৌদি আরব।
গত দু্ই বছর হজ পালনটা একেবারে সৌদি আরবের নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সৌদি আরবের ৬০ হাজার মানুষকে নিয়ে সীমিত আকারে এই দুই বছর পালিত হয় হজ।
কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় এই বার্ষিক বিশ্ব আসরে এবার বিদেশিরাও যেতে পারবেন। তবে কোভিড নেগেটিভ সনদ তো অবশ্যই নিতে হবে। আর মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।
আরব নিউজের খবর, ৬৫ বছরের নিচে যাদের বয়স কেবল তারাই এই বছর হজ পালন করতে পারবেন। দুই ডোজ টিকা নেওয়া থাকা শর্ত।