১০ চীনা গুপ্তচরকে ক্ষমা করে ফেরত পাঠিয়েছে আফগানিস্তান
আফগানিস্তানে আটক কথিত ১০ চীনা গুপ্তচরকে ক্ষমা করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে আফগানিস্তান সরকার। গত ডিসেম্বরের শেষের দিকে তাদের চীনে ফেরত পাঠানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
গণমাধ্যমটির দাবি, আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ওই চীনা নাগরিকদের আটক করেছিল। কাবুলের দৃঢ় ধারণা, তারা বেইজিংয়ের গুপ্তচর। যাদের মধ্যে একজন নারীও ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, আটকের পর আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ চীনা দূত ওয়াং ইউকে শর্ত দেন, যদি চীন এ কর্মকাণ্ডে ক্ষমা প্রার্থনা করে তবে ওই ১০ নাগরিককে মুক্তি দেওয়া হবে। আরও শর্ত দেওয়া হয়, চীন আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে এবং কাবুলের বিশ্বাস ভঙ্গ করেছে তা মেনে নিতে হবে। এ নিয়ে চীন অবশ্য প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। তবে ওই ঘটনার সত্যতা সম্পর্কে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম।