১ কেজি মরিচের দাম ২৮ লাখ
বিশ্বের সবচেয়ে দামি কাঁচা মরিচের নাম ‘চারাপিতা’। কুমিল্লার এক কৃষক দেশের মাটিতে বিশ্বের সবচেয়ে দামি কাঁচা মরিচ চারাপিতা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। যার মূল্য কেজি প্রতি ২৬ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ টাকা।
কুমিল্লার সেই কৃষক চাষি আহমেদ জামিল তার নিজের বাগান বাড়ির বাসায় এই মরিচের গাছ লাগান এবং তার ৩টি গাছে কয়েকশ মরিচ ধরেছে। মরিচ দেখতে গোলাকার সবুজ। তবে এ মরিচ কাঁচা অবস্থায় দেখতে সবুজ রঙের হলেও পাকলে হলুদ রঙের হয়ে যায়।
কৃষক জামিল যুক্তরাষ্ট্র থেকে চারাপিতা জাতের মরিচের বীজ এনে শখের বসে তার নিজের বাড়িতে লাগান। এই মরিচ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ করা হয়। এটি মসলাজাতীয় মরিচ। এ জাতের মরিচে ঝাল কম এবং সুগন্ধিজাতীয়। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের আবহাওয়া এ মরিচ চাষে উপযুক্ত কিনা সেটি গবেষণার প্রয়োজন।
কৃষক আহমেদ জামিল বলেন, আমেরিকা থেকে আমি এই বীজ সংগ্রহ করি। ৪ মাস আগে বস্তার ভেতর মাটি ভরে বীজ রোপণ করি। তিনি আরো বলেন, তার লাগানো ৫০টি বীজের মধ্যে ৩টি বীজ থেকে চারা গজায়। একেকটি গাছ লম্বায় বুকসমান। ৩ বছর পর্যন্ত মরিচ পাওয়া যাবে এ গাছ থেকে। এ মরিচগাছে বৃষ্টির পানি পড়তে দেওয়া যাবে না, কিন্তু রোদ লাগাতে হয় বলে জানান তিনি।
বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম কো অর্ডিনেটর (পার্টনার) মিজানুর রহমান বলেন, আমরা জামিল সাহেবের চারাপিতা মরিচ সম্পর্কে জেনেছি। আমাদের দেশের মাটিরতে এটি উপযোগী কিনা তা গবেষণা করে দেখতে হবে। তবে এখন এই মরিচের দাম অনেক কমে গেছে। আর এই মরিচ শুকিয়ে বিক্রি করতে হয়। প্রায় ২ হাজার শুকনা কাঁচা মরিচ এক কেজি হয়।