১ ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া: সেতুমন্ত্রী
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক কমিয়ে ‘হাফ ভাড়া’ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে ‘হাফ ভাড়া’ কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ ও যৌক্তিক যেকোনো দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।
তিনি আরো বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে অর্ধেক ভাড়ার সিদ্ধান্তটি কার্যকর হবে। এতে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে। গাড়িতে যাতায়াতকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
তিনি আরো বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন (সুবিধা) পাবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে কনসেশনটি প্রযোজ্য হবে না। শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।