শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুলাই 2020, 09:39 রাত • 238 বার পঠিত
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স

পাকিস্তানের পাইলটদের ভুয়া সনদ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর এবার দেশটির সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার ফলে এই বিমান সংস্থাটির আর কোনো বিমান যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পরিবহন দফতরের আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন দফতরের পক্ষ থেকে বলা হয়, ফেডারেল আভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পাকিস্তানের পাইলটদের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন ওঠার পর শঙ্কিত ছিল। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইউরোপীয় দেশসমূহের জোট ইউরোপীয় ইউনিয়নের অ্যাভিয়েশন সেইফটি এজেন্সি সদস্য রাষ্ট্রগুলোও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করে।

গত মে মাসে পাকিস্তানের করাচিতে অভ্যন্তরীণ একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হন। ওই ঘটনার পরই পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই ঘটনার পর তদন্ত প্রতিবেদনে প্রকাশের সময় পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী জানান, তার দেশের ৪০ শতাংশ (৮৬০ জনের মধ্যে ২৬২) পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালান। জাল লাইসেন্স ইস্যুতে পিআইএ তাদের ৪৩৪ জন পাইলটের মধ্যে ১৫০ জনকে ইতোমধ্যে ‘গ্রাউন্ডেড’ বা নিষিদ্ধ করেছে।