যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে
১৪ মাস পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। ২০২০ সালের ২৯ জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রথম করোনা রোগী শনাক্তের পর দেশটিতে প্রথমবারের মতো নতুন কোনো মৃত্যুর খবর আসে নি। সোমবার বিকেলে দেশটির স্বাস্থ্য মন্ত্রানালয় এ তথ্য জানিয়েছে।
সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছে, আগামী সোমবার থেকে যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল করা হবে। খুলে দেয়া হবে রেস্তোরাঁ ও কম গুরুত্বপূর্ণ দোকানপাট।
জানা গেছে, সোমবার লকডাউন শিথিল করার বিষয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানেই এসব সিদ্ধান্ত নেয়া হয়। তবে বরিস সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। ডাউনিং স্ট্রিটে সোমবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ১৭ মে থেকে লকডাউন শিথিলের পরবর্তী ধাপ শুরু হবে। ওই সময়ে সরকার আন্তর্জাতিক ভ্রমণ চালু করার বিষয়ে আশাবাদী। তবে একইসঙ্গে বিশ্বের অন্যান্য প্রান্তে করোনার সংক্রমণ বেড়ে চলায় সতর্কতাও জানান বরিস।
জানা গেছে, যুক্তরাজ্যে সপ্তাহে পরপর দুবার করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার থেকেই এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।