যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল সোমবার সুইজারল্যান্ডের দাভোসে ভিডিও লিংকের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সেখানে জেলেনস্কি তার এই ইচ্ছার কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। জেলেনস্কিকে ভিডিও বক্তৃতায় বলতে শোনা যায়, ‘‘যুদ্ধের অবসানের জন্য আমি পুতিনের সঙ্গে দেখা করতে চাই। কারণ পুতিনই একমাত্র রুশ শীর্ষ কর্মকর্তা। যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় সিই ব্যাপারে তার সঙ্গেই আমি আলোচনা করতে চাই। ’’
রুশ ফেডারেশনের সব সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেন। তাই পুতিন ছাড়া অন্য কারো সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে আলাপ করলে তাতে কোনো কাজ হবে না বলে জানান জেলেনস্কি।
এই বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর বেশ কিছু শহর ঘিরে ফেলে। বড় শহরের পতনও হয়েছে। রাশিয়া অবরুদ্ধ করে রেখেছে কিছু শহর। যুদ্ধ চলছে। কিন্তু সেভাবে খুব একটা প্রতিরোধ গড়তে পারছে না ইউক্রেন। তাদের সেনারা তবু যুদ্ধক্ষেত্রে আছে।