যখন ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন শত শত ট্রাম্প সমর্থক (ভিডিও)
কংগ্রেসের যৌথ অধিবেশন বসেছিল নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে স্বীকৃতি দিতে। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় গুলিতে একজন নারী নিহত হয়েছেন।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা নিরাপত্তা রেখা লঙ্ঘন করলে ক্যাপিটল ভবন অবরুদ্ধ করে দেয়। হোয়াইট হাউসের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। তিনি নির্বাচনের জালিয়াতির অভিযোগ তুলে তার প্রতিবাদ করতে সমর্থকদের উৎসাহিত করেছেন।
মার্কিন গণতন্ত্রের প্রতীক বলে বিবেচিত ক্যাপিটল ভবন। ট্রাম্পের সমর্থকেরা তা দখল করে নিয়েছিল। এতে অধিবেশন স্থগিত করতে বাধ্য হয় কংগ্রেস।
পরিস্থিতি খারাপের দিকে গেলে পুলিশ পাহারা দিয়ে আইনপ্রণেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাকেও পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে যায় পুলিশ।
এরপর ক্যাপিটলকে ট্রাম্প সমর্থকদের দখলমুক্ত করতে অভিযান শুরু করে। এতে তিন ঘণ্টারও বেশি সময় লেগে যায়। হলওয়েগুলো দিয়ে ট্রাম্প সমর্থকদের ছোটাছুটি ও বিভিন্ন দফতরে গিয়ে খোঁজাখুঁজি ও তাণ্ডবে হাঙ্গামা ও বিশৃঙ্খলার এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়।
বুধবার কংগ্রেস যৌথ অধিবেশনের বিরোধিতা করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার ট্রাম্প সমর্থক, যাদের মধ্যে উগ্রপন্থি বিভিন্ন গ্রুপের সদস্যরাও ছিলেন। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
এই সমাবেশের অল্প একটু দূরে গিয়ে কয়েকশ ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা।
তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ।