ইয়েমেনে সরকার নিয়ন্ত্রিত শহরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা
হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত একটি শহরে ৫ বছরের শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার এই হামলা চালানো হয়।
প্রাদেশিক গভর্নরের প্রেস সহকারী জানান, ক্ষেপণাস্ত্রটি মারিব শহরে রাউধার আশেপাশে একটি গ্যাস স্টেশনে আঘাত করে।
ক্ষেপণাস্ত্রটি হামলার অল্প সময়ের মধ্যে আবার ইরান সমর্থিত মিলিশিয়ারা একটি বিস্ফোরকবাহী ড্রোন চালিয়ে দুটি অ্যাম্বুলেন্সে আঘাত করে। অ্যাম্বুলেন্স দুটি আহতদের হাসপাতালে নেয়ার কাজে নিয়োজিত ছিল। তবে এখনো এ হামলার দায় স্বীকার করেনি হুথি।
ইয়েমেনের তেল ও গ্যাস সমৃদ্ধ মারিব শহরকে নিয়ন্ত্রণে নিতে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা ফেব্রুয়ারি থেকে তাদের ওপর হামলা চালানো শুরু করে। ২০১৪ সালে সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব।
এদিকে হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা।