শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ভোরে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 14 আগস্ট 2025, 07:34 বিকাল • 298 বার পঠিত
ভোরে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, কখনো কখনো তাঁর কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সে সময় বাসায় খাওয়ার ব্যবস্থা না থাকলে তিনি প্রায়ই ৩০০ ফুট এলাকার নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস খান। তবে বেশি ভোর হয়ে নীলা মার্কেট বন্ধ থাকলে তিনি গুলশানের ওয়েস্টিন হোটেলে যান।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিষয়টি ওঠে গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর দেওয়া এক ভিডিও বার্তাকে ঘিরে। ওই ভিডিওতে জানে আলম দাবি করেছেন—সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির দিন গুলশানের এক স্থানে তাঁর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষাৎ হয়েছিল।

এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কি না, তা তাঁর মনে নেই। তবে চাঁদাবাজির ঘটনার সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে তিনি বলেন, “আমার মনে হয় না, এখনো কেউ এমন কোনো প্রমাণ দিতে পেরেছে যা আমার সম্পৃক্ততা প্রমাণ করে। বরং যাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেটি একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে—যা অত্যন্ত গুরুতর এবং বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে।”

সিসিটিভি ফুটেজে দেখা হেলমেট পরা ব্যক্তি তিনি কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “ফুটেজে হেলমেট পরা যেকোনো ব্যক্তিকে যদি আমাকে বলে দাবি করা হয়, সেটা কতটা বিশ্বাসযোগ্য—তা ভেবে দেখা উচিত।”

আসিফ মাহমুদ এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন।