ভারতের পশ্চিমবঙ্গে তেল শোধনাগারের টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড
ভারতের পশ্চিমবঙ্গের সরকারি মালিকানাধীন একটি তেল শোধনাগারের টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
২১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (আইওসি) হলদিয়া শোধনাগারে এ আগুন লাগে। পরে দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
আইওসি এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে “ফ্ল্যাশ ফায়ার” থেকে ৪৪ জন দগ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে তিনজন দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন।
কারখানার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ২টা ৫০ মিনিটের দিকে এমএসকিউ টাওয়ারে শাট-ডাউন সংক্রান্ত কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে তিন জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ৪৪ জন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় হয় এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে।
পুলিশের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শোধনাগার বন্ধ করার সময় ড্রিল চলাকালীন আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।