শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 08 ডিসেম্বর 2021, 06:31 বিকাল • 295 বার পঠিত
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানানো হয়নি। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ও তার পরিবারের সদস্যরাসহ মোট ১৪ জন অবস্থান করছিলেন।

৮ ডিসেম্বর দেশটির তামিলনাড়ু রাজ্যে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শুরুতে জেনারেল রাওয়াত জীবিত আছেন বলে জানানো হলেও এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নীলগিরিতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়৷

হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ ঘটনার বেশকিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

এক টুইট বার্তায় ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইট বার্তায় জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে ছিলেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ।