ভারতীয় অংশের বেশি পরিমাণ ভূমি দখল করেছে চীন
চীনা সেনাবাহিনী লাদাখের গালওয়ান উপত্যকার সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ৪২৩ মিটার পর্যন্ত এলাকায় প্রবেশ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ১৯৬০ সালে চীন ভারতীয় অংশের যে পরিমাণ ভূমি দাবি করেছিল, এখন তার চেয়েও বেশি ভূমি দখলে নিতে সক্ষম হয়েছে তারা।
সংবাদ মাধ্যম আরো জানিয়েছে, গালওয়ান উপত্যকায় ভারতীয় অংশে রয়েছে চীনা বাহিনীর ১৬ টি তাঁবু, একটি বড় আশ্রয়কেন্দ্রে ও অন্তত ১৪ টি গাড়ি।
সোমবার এক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের ১০ দিন পর গত ২৫ জুন তোলা উপগ্রহ চিত্রে দেখা গেছে, পিছনো দূরের কথা, গালওয়ান উপত্যকায় পিপলস লিবারেশন আর্মির উপস্থিতি ক্রমশই জোরদার হচ্ছে। ভারতের অভ্যন্তরে ৪২৩ মিটার ঢুকে গেছে চীন। হাই রেজোলিউশন স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ষাটের দশকের সেই রেখার অন্তত ৪২৩ মিটার উত্তরে ভারতীয় ভূখণ্ডে ২৫ জুন চীনা বাহিনীর শিবিরের অবস্থান। আশপাশের পাহাড়ের উঁচু জায়গাগুলিও চীন সেনার নিয়ন্ত্রণে। ১৯৬০ সালে বেইজিং এর পক্ষ থেকে যে পরিমাণ ভূখণ্ড দাবি করার কথা জানা গেছে, তার চেয়ে এর পরিমাণ বেশি।
এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন উভয় পক্ষ সংঘাতে জড়ায়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে।