ভারতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি
ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যটিতে অব্যাহত ভারি বৃষ্টিতে চলমান বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে। বন্যা কবলিত হয়েছে ২৬টি জেলার প্রায় ২৮ লাখ বাসিন্দা। এরইমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বাস্ত্যুচ্যুত প্রায় ৪৭ হাজার মানুষকে। যতই দিন যাচ্ছে ততই অবনতি হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বন্যা পরিস্থিতি।
অব্যাহত ভারী মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট সাম্প্রতিক ভয়াবহ এ বন্যায় এ পর্যন্ত পানিতে তলিয়ে গেছে রাজ্যের ২৬টি জেলার আড়াই হাজারেরও বেশি গ্রাম। বন্যা কবলিত হয়ে পড়েছেন এসব জেলার অন্তত ২৮ লাখ মানুষ। ব্যনায় নষ্ট হয়ে গেছে সোয়া এক লাখেরও বেশি হেক্টর জমির ফসল।
শুধু বন্যা নয়, অব্যাহত ভারি বৃষ্টিপাতে দেখা দিয়েছে ভূমিধসও। শনিবার পর্যন্ত আসামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে একশ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে ২১টি জেলায় অন্তত সাড়ে ছয়শ ত্রাণ সহায়তা কেন্দ্র স্থাপণ করা হয়েছে।