শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে কৃষক আন্দোলনের সমাপ্তি

অনলাইন নিউজ পোর্টাল • 10 ডিসেম্বর 2021, 07:17 বিকাল • 286 বার পঠিত
ভারতে কৃষক আন্দোলনের সমাপ্তি

ভারতে বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে দীর্ঘ ১৫ মাস ধরে আন্দোলন চালিয়ে আসা কৃষকদের লড়াই অবশেষে শেষ হল। দাবি আদায় হওয়ায় রাজধানী দিল্লির সীমান্ত থেকে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্য থেকে দিল্লি সীমান্তে গিয়ে শিবির গেড়ে আন্দোলন শুরু করেছিলেন হাজার হাজার কৃষক। দীর্ঘ এই আন্দোলনে গরম, ঠাণ্ডা এবং করোনাভাইরাসে বহু কৃষকের মৃত্যুও হয়েছে।

বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসার পর কৃষকরা আন্দোলন তুলে নিতে একমত হয়েছেন। শনিবার থেকে তারা বাড়ি ফিরে যেতে শুরু করবেন বলে জানা যায়।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কৃষক সংগঠন সংযুক্ত কিষান মোর্চা ১৫ ডিসেম্বর আরেকটি বৈঠক করবে। সেদিন কেন্দ্র কথা রেখেছে কি না, সে বিষয়ে আলোচনা হবে। এরপর আন্দোলন চালিয়ে যাওয়া হবে কি না, তা নিয়ে কৃষকেরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ভারত সরকার গতবছর সেপ্টেম্বরে বিতর্কিত তিনটি কৃষি আইন পাস করলে বিক্ষোভ শুরু করে কৃষকেরা। তাদের আশঙ্কা ছিল, নতুন কৃষি আইনের ফলে সরকার আর ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে বাধ্য থাকবে না। বাজারের উপর সরকারের নজরদারিও কমে যাবে। ফলে বাজারের নিয়ন্ত্রণ এবং কৃষি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা বড় বড় ব্যক্তিমালিকানাধীন কোম্পানির হাতে চলে যাবে এবং কৃষকদের জীবন তাদের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়বে।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই অভয় দিয়ে বলে এসেছেন যে, এসব আইনে কৃষকরাই লাভবান হবেন। তবুও আন্দোলন থামেনি। মোদি সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই কৃষক আন্দোলন।

শেষমেশ চলমান আন্দোলনের মুখে গত ১৯ নভেম্বর আইনগুলো প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন মোদি। পরে পার্লামেন্টে নতুন আইন পাস করে তিনটি আইন প্রত্যাহারও করা হয়।

এরপর উৎপাদিত কৃষি পণ্যের নূন্যতম মূল্যের নিশ্চয়তা নিয়ে মন্ত্রীরা আলোচনা চালিয়ে যেতে রাজি হলে আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায় কৃষক ইউনিয়ন।