ভারতে ৫ কোটি ডোজ স্পুটনিক-ভি টিকা পাঠাবে রাশিয়া
ভারতে ৫ কোটি ডোজ স্পুটনিক-ভি টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। জানা গেছে, চলতি গ্রীষ্মের মধ্যেই ভারতে চলে আসবে প্রায় ৫০ মিলিয়ন রাশিয়ান করোনা টিকা স্পুটনিক-ভি। কেন্দ্রীয় বিশেষজ্ঞদলের অনুমোদনের পর এই টিকা প্রদানের ছাড়পত্র দেবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। তারপরই বাজারজাত করা হবে রাশিয়ার এই টিকা। যদিও এর আগে করোনার প্রতিষেধক হিসেবে টিকা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের সুপারিশের পরই ডিসিজিআই তা ব্যবহারের ছাড়পত্র দিয়েছে।
এই বিষয়ে গতকাল মঙ্গলবার রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, আশা করা যায়, চলতি গ্রীষ্মে করোনার প্রতিষেধক হিসেবে ভারতকে ৫০ মিলিয়ন স্পুটনিক-ভি'র ডোজ সরবরাহ করা হবে। শুধু তাই নয়, ডিসিজিআই-এর অনুমোদনের পর ড. রেড্ডির ল্যাবে স্পুটনিক-ভি এর তৃতীয় দফার ট্রায়াল দেয়া হবে। যাতে জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহার করা যায়।
এই বিষয়ে আরডিএফের সিইও কিরিল দিমিত্রিভ একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন, করোনাকে নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে রাশিয়ান ফার্মের চুক্তি রয়েছে। তারা প্রয়োজনে আরো বেশ কিছু সংস্থার সঙ্গে টিকা সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হতে ইচ্ছুক।
অন্যদিকে, মডার্না ও ফাইজারের পর বিশ্বের সবচেয়ে কার্যকরী করোনা টিকা হলো স্পুটনিক-ভি। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে করোনা রুখতে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ৯১.৬ শতাংশ কার্যকরী। ভারতে তৃতীয় দফার ট্রায়াল চলাকালীনই ১৯ ফেব্রুয়ারি আপৎকালীন অনুমোদনের আবেদন করেছিল স্পুটনিক। এর মধ্যেই বিশ্বের একাধিক দেশে অনুমোদন পেয়েছে রাশিয়ার এই করোনার টিকা। ভারতে ১৮ থেকে ৯৯ বছর বয়সী ১ হাজার ৬০০ জনের ওপর ট্রায়াল চালানো হয়েছে। রাশিয়ার গামালেয়া ইনস্টিটিউটের তৈরি এই টিকা বিশ্ব বাজারে প্রতি ডোজ ১০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫১ টাকায় পাওয়া যায়।