ভারত-চীন সীমান্তে বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী
আবারও সীমান্ত উত্তেজনার মধ্যে ভারত-চীন সীমান্তে বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার এ কথা জানিয়েছেন দেশটির সেনাপ্রধান এম এম নারাভানে।
ভারতীয় সেনাপ্রধান বলেন, সীমান্তে লালফৌজের কার্যকলাপের ওপরও নজর রাখা হচ্ছে। তিনি বলেন, এখনো লাদাখের প্যাংগং লেক থেকে সেনা সরানো হয়নি। ২০২০ সালের এপ্রিল মাসের অবস্থায় ফিরে আসুক দুই দেশের সম্পর্ক।
এম এম নারাভানে জানান, ভারত চীনকে স্পষ্ট করে জানিয়েছে উভয়পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সেনা সরানো হতে পারে। তিনি এও জানিয়েছেন, পূর্ব লাদাখ সীমান্তে ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। এ অবস্থায় সেই অঞ্চলে পাল্টা সেনা মোতায়েন করছে ভারতীয় সেনাবাহিনীও। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চল দেপসাং, গোগরা অন্যান্য পয়েন্টে শান্তিপূর্ণ সহাবস্থান চায় ভারত।
সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এম এম নারাভানে বলেন, দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কয়েকদিনের মধ্যে ১২তম বৈঠকে বসবে দুপক্ষ। করোনার কারণে এই বৈঠক পিছিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।