উইঘুর বিরুদ্ধে নিপীড়ন মানবতাবিরোধী অপরাধ : এইচআরিডব্লিউ
চীনের উইঘুর ও অন্যান্য তুর্কিভাষী মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ নিপীড়নের ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
জিনজিয়ান অঞ্চলের ‘পুনঃশিক্ষণ’ শিবির নামে সংখ্যালঘু ১০ লাখের বেশি উইঘুর নারী-পুরুষকে বন্দি করে ব্যাপক নির্যাতন নিয়ে নিউইয়র্কভিত্তিক সংস্থাটি ৫৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন বের করেছে।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, উইঘুর ও অন্যান্য তুর্কিভাষী মুসলমানদের গুম, নজরদারি, পরিবার থেকে বিচ্ছিন্ন করে থাকা, জোর করে কাজ করানো, যৌন হয়রানি ও সন্তান ধারণের অধিকার থেকে বঞ্চিত করাসহ নানা নিপীড়নের শিকার হতে হচ্ছে।
প্রতিবেদন মতে, অন্তত ১০ লাখ মানুষকে ৩০০ থেকে ৪০০ বন্দি শিবিরে রাখা হয়েছে। সেসব মা-বাবাকে এসব শিবিরে রাখা হয়েছে তাদের শিশুদের অনেককে সরকারি প্রতিষ্ঠানে নেয়া হয়েছে।
এইচআরডব্লিউ’র চীন পরিচালক সোফি রিচার্ডসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, পরিষ্কার ভাষায় যদি বলি, মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধ করা হয়েছে বেসামরিক লোকদের ওপর। তাদের ওপর ধারাবাহিক ও বিস্তৃত আক্রমণের অংশ হিসেবে এটি করা হয়েছে। আন্তর্জাতিক আইনের বিবেচনায় এগুলো মানবাধিকারের চরম লঙ্ঘন।