তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে হামাস নেতৃবৃন্দের সাক্ষাত
গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইস্তাম্বুলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসনকারী দল হামাসের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এতে উপস্থিত ছিলেন। এছাড়াও ডেপুটি চিফ সালেহ আল-আরোওরি উপস্থিত ছিলেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগান অর্টাগাস এক বিবৃতিতে জানান, “তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইস্তাম্বুলে দু’জন হামাস নেতাকে আমন্ত্রণ জানানোয় তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র।”
হামাসের সাথে তুরস্কের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। এরদোগান ইস্তাম্বুলে ইসমাইল হানিয়ার সাথে গত ফেব্রুয়ারিতেও দেখা করেছিলেন।
এরদোগানের জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি ও হামাস উভয়েই মিসরের মুসলিম ব্রাদারহুড সমর্থিত। যারা ইসলামি রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে। ইসরাইল-আমিরাত চুক্তির পর হামাসের সাথে তুরস্কের এই বৈঠক নিয়ে উদ্বিগ্ন বেশ কয়েকটি দেশ।