তুরস্কে রাশিয়ার সঙ্গে বৈঠকে করমর্দন না হলেও ফল পাচ্ছে ইউক্রেন
তুরস্কের ইস্তাম্বুলে মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনার শুরুতে কেউ কারো সাথে করমর্দন করেনি। যুদ্ধে জড়ানো দুই দেশের প্রতিনিধিরা ওখানে হাত না মেলালেও শান্তি আলোচনার অগ্রগতির জন্য রাশিয়ান একটি উদ্যোগ এসেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ আর চেরনিহিভ শহরে হামলা ব্যাপকভাবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছে তারা।
রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সান্ডার ফোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, রুশ সেনারা কিয়েভ ও চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমিয়ে আনবে।
ফোমিন জানান, ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফোমিন সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের নিরপেক্ষ থাকা এবং পারমাণবিক অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি এবং তার বিনিময়ে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়া সংক্রান্ত একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় পারস্পরিক বিশ্বাস বাড়ানোর জন্য এবং আরও আলোচনার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে এবং উপরোক্ত চুক্তি সাক্ষরের বিষয়ে সম্মত হওয়ার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য কিয়েভ এবং চেরনিহিভের ওপর রুশ সেনাদের হামলা ব্যাপকভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে অবশ্য ইউক্রেন সেনাবাহিনী থেকে দাবি করা হয় যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ায় কিয়েভ থেকে রুশ বাহিনী পিছু হটতে শুরু করেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছিলেন, রাশিয়া তাদের দুটি ব্যাটালিয়ানকে বেলারুশে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এরপর ইউক্রেনের বেশ কয়েকটি শহরের পতন হয়। রাজধানী কিয়েভও রুশ সৈন্যরা ঘিরে ফেলে।