ট্রেনের টিকিট কালোবাজারি করে সহজের ইঞ্জিনিয়ার গ্রেপ্তার
বাংলাদেশ রেলওয়ের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ (৩৮) ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
এই ঘটনায় রেজাউল করিমকে চাকরিচ্যুত করেছে সহজ কর্তৃপক্ষ। সহজ বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান। এক বার্তায় রেজাউল করিমের বুধবার রাতে আটক হ্ওয়া ও তার চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন সহজের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদ।
আজ বৃহস্পতিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান রেজাউল করিমসহ ২ জনকে আটক করার খবরটি নিশ্চিত করেন।
তার কাছ থেকে জানা যায়, রেলওয়ে টিকেট কালোবাজারি চক্রের শিকড়ের খোঁজে র্যাবের অনুসন্ধানে চক্রের মুলহোতাসহ ২ আসামিকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।