শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৯,৫০০-এর বেশি সরকারি কর্মী বরখাস্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 15 ফেব্রুয়ারি 2025, 04:07 দুপুর • 229 বার পঠিত
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৯,৫০০-এর বেশি সরকারি কর্মী বরখাস্ত

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ৯,৫০০ জনের বেশি ফেডারেল কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বরখাস্ত হওয়া কর্মীদের বেশিরভাগের চাকরির বয়স এক বছরের কম বা তাদের চাকরির সুরক্ষা কম ছিল। এছাড়া, প্রায় ৭৫,০০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ২৩ লাখ বেসামরিক কর্মীবাহিনীর প্রায় ৩ শতাংশ।

ট্রাম্পের প্রশাসনের মতে, ফেডারেল সরকারের আমলাতন্ত্র অস্বাভাবিকভাবে বেড়েছে এবং এতে অপচয় ও প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ নষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারি ঋণের পরিমাণ প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার এবং ২০২৪ সালে বাজেট ঘাটতি ছিল ১.৮ ট্রিলিয়ন ডলার। সরকারি কর্মচারীদের বেতন বাবদ মোট বাজেটের ৫ শতাংশের কম ব্যয় হয়।

এদিকে, কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলছেন, ফেডারেল খরচের ওপর আইনসভার সাংবিধানিক কর্তৃত্বকে ক্ষুণ্ন করছেন ট্রাম্প। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস ট্রাম্পের এই পদক্ষেপকে ব্যাপকভাবে সমর্থন করছে।

ট্রাম্প তার প্রশাসনে নতুন বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েনসি’ গঠন করেছেন এবং এর প্রধান হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দিয়েছেন। মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট থেকে এক লাখ কোটি ডলার সাশ্রয় করবেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাজেট ছিল ৬ লাখ ৭৫ হাজার কোটি ডলার।
 
তবে সমালোচকরা বলছেন, মাস্কের কঠোর নীতির কারণে ফেডারেল কর্মীরা চাপে থাকবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির ওপর মাস্কের প্রভাবও অনেক বেশি। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এসব সমালোচনা উড়িয়ে দিয়েছেন এবং বলেন, এ বিভাগের কর্মীরা বিভিন্ন সংস্থায় গিয়ে নিরীক্ষার কাজ করছে, যেখানে বিভিন্ন ফেডারেল সংস্থার ব্যয় পর্যালোচনা করা হচ্ছে।