থাইল্যান্ডের অস্থায়ী কোভিড হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত
থাইল্যান্ডের একটি অস্থায়ী কোভিড হাসপাতালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ২৪ জুন এক সাবেক সেনা সদস্য ওই হামলা চালায় বলে এক প্রতিবেদনে জানা যায়।
পুলিশ জানিয়েছে, অস্থায়ী ওই হাসপাতালে এলোপাতাড়ি গুলি চালানোর আগে একটি স্টোরের কর্মীকে গুলি করে হত্যা করেন ওই সাবেক সেনা সদস্য। তবে তিনি কী কারণে এভাবে হামলা চালালেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
আঞ্চলিক পুলিশ প্রধান জানান, সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ২৩ বছর। ধারণা করা হচ্ছে, ব্যাংককের কাছাকাছি অবস্থিত পাথুম থানি এলাকায় অবস্থিত অস্থায়ী ওই কভিড হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা মাদকাসক্ত। সাবেক ওই সেনা সদস্য মাদককে ঘৃণা করেন। সন্দেহভাজন ওই হামলাকারী মনে করেছিলেন, হাসপাতালে ভর্তি হওয়া সবাই মাদকাসক্ত। সে কারণেই হয়তো তিনি এই হামলা চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই হাসপাতালটি প্রথমদিকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র হিসেবে সেবা দিলেও বর্তমানে এটি অস্থায়ী কভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দিচ্ছে।
তিনি আরো জানান, হাসপাতালে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগেই সন্দেহভাজন ওই হামলাকারী একটি স্টোরের এক কর্মীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।