থাইল্যান্ড সীমান্তে ভিড় করছেন মিয়ানমারের নাগরিকরা
ভারতের পর এবার থাইল্যান্ড সীমান্তে ভিড় করছেন মিয়ানমারের নাগরিকরা। বিভিন্ন শহর এবং উপশহর থেকে পালিয়ে সীমান্ত পার হয়ে আশ্রয় খুঁজছে প্রতিবেশী দেশটিতে। প্রতিদিনই সীমান্তের দিকে ছুটছেন ভীতসন্ত্রস্ত শত শত নাগরিক। বিশেষ করে গত কয়েকদিন বিদ্রোহী নিয়ন্ত্রিত এসব সীমান্তে রীতিমতো মানুষের ঢল নেমেছে। তবে অভিযোগ উঠেছে, এসব আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠাচ্ছে থাই কর্তৃপক্ষ। ফলে ওইসব নাগরিক এখন বিভিন্ন জঙ্গলে আত্মগোপন করে আছেন। ফেরত পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে থাই কর্তৃপক্ষ।
এদিকে মিয়ানমারে এখনও অব্যাহত রয়েছে বিক্ষোভ-আন্দোলন। সেই সঙ্গে চলছে সেনা-পুলিশের হত্যাযজ্ঞও। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর ক্রমাগতভাবে প্রাণঘাতী বলপ্রয়োগ করছে জান্তা সরকার। এখন পর্যন্ত হত্যা করা হয়েছে ৫১০ জনকে।
সেনা-পুলিশের ধরপাকড় ও নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমারের বহু নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের বেশিরভাগই সীমান্তবর্তী মিজোরাম ও মনিপুরে আশ্রয় নিয়েছেন। গত কয়েকদিন ধরে একই চিত্র দেখা যাচ্ছে থাই সীমান্তেও।
তবে থাইল্যান্ডের মায়ে হোন সোন প্রদেশের গভর্নর শরণার্থীদের ফেরত পাঠানোর কথা অস্বীকার করেছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরাট দাবি করেন, শুধু অনানুষ্ঠানিক সূত্রের ওপর ভিত্তি করে শরণার্থীদের ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে। তবে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে কোনো শরণার্থীকেই ফেরত পাঠানো হয়নি।