শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে ইমামতি নিয়ে বিরোধ, ১৪৪ ধারা, হয়নি ঈদের জামাত

মোহাম্মদ খাইরুল আমিন • 03 মে 2022, 02:28 দুপুর • 242 বার পঠিত
টাঙ্গাইলে ইমামতি নিয়ে বিরোধ, ১৪৪ ধারা, হয়নি ঈদের জামাত

টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের জামাতের নামাজের ইমামতি নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে দুই পক্ষ। উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকার পাড়া জামে মসজিদ ও তার ৪০০ গজ পরিসীমার মধ্যে তাই জারি করা হয় ১৪৪ ধারা। এই কারণে সেখানে আজ মঙ্গলবার হয়নি ঈদের জামাত। 

উপজেলা প্রশাসন এ বিষয়ে লিখিত আদেশ দেয়। সেই আদেশ অনুসারে আজ মঙ্গলবার ঈদের দিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা বলবৎ থাকবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মসজিদটিতে দুটি পরিচালনা কমিটি আছে। আছেন দুজন ইমাম। গ্রামবাসীর মধ্যে থাকা মতবিরোধে এই অবস্থা। অবস্থা বিবেচনা করে দেখা গেছে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এই কারণে মসজিদটির ৪০০ গজের মধ্যে সব ধরনের সমাবেশ, স্লোগান,
মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে। 

এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়। মসজিদের ৪০০ গজের মধ্যে বসবাসরত জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাও অব্যাহত থাকবে বলে জানানো হয়। 

ভাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সূত্রে জানা যায়, গতকাল সোমবার মসজিদের দুই কমিটি দুই সময়ে ঈদের জামাতের ঘোষণা দেয়। একটি মঙ্গলবার সাতটায়, অন্যটি সাড়ে আটটায়। বিষয়টি মীমাংশা করা যাচ্ছিল না।

খবর পেয়ে রাত এগারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ ও ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ভাওড়া সরকার পাড়া মসজিদে যান। সেখানে দুই পক্ষের সঙ্গে আলোচনা করেন। এক জামাতে নামাজ পড়ার নির্দেশ দেন। 

প্রশাসনের লোকজন ফিরে যাওয়ার পর ফের উত্তেজনার সৃষ্টি হয়। এর পর রাত পৌনে ১২টার দিকে ফৌজদারি কার্যবিধি ১৪৪(১) ধারার ক্ষমতাবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান ১৪৪ ধারা জারি করেন।  মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

আজ ওই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি তাই। দুই পক্ষের লোকজন ভিন্ন পাড়ার মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।