স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের উত্তেজনা
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদসহ ৫০০ গজের মধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীরা সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ সকাল ১১টায় একই স্থানে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছিল।
এর আগে, নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় থানার ওসি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা কার্যকর হওয়ার পর উপজেলা সদরে সুনসান নীরবতা দেখা গেছে। প্রশাসন ও বিভিন্ন সংস্থা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেও কোনো রাজনৈতিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ আদেশ দেওয়া হয়েছে এবং তা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।