শূন্যপদ পূরণে অতি দ্রুত নেওয়া হবে নিয়োগ পরীক্ষা
করোনা মহামারীর কারণে জনজীবন থমকে গেছে, স্বকীয়তা হারিয়েছে সর্বস্তরের মানুষ। এদিকে নিয়োগ বন্ধ থাকায় বর্তমানে সরকারি চাকরিতে কয়েক লাখ পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বেশকিছু নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগের পরিসংখ্যান ও গবেষণা কোষের ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ বইয়ের তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে অনুমোদিত ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি পদ রয়েছে। এরমধ্যে বর্তমানে তিন লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে।
বইয়ের তথ্য অনুযায়ী, শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ। এ শ্রেণির এক লাখ ৯৫ হাজার ৯০২টি পদ শূন্য রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ শূন্যপদ রয়েছে চতুর্থ শ্রেণির পদে। এ শ্রেণিতে ৯৯ হাজার ৪২২টি পদ শূন্য রয়েছে। এছাড়া ৪৬ হাজার ৬০৩টি প্রথম শ্রেণির এবং ৩৯ হাজার ২৮টি দ্বিতীয় শ্রেণির পদ শূন্য রয়েছে বলে ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ বই বিশ্লেষণ করে জানা গেছে।
মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে ১৭ হাজার ৭৩৯টি পদের মধ্যে শূন্য পাঁচ হাজার ৬৮টি, সংস্থা ও অধিদফতর পর্যায়ে ১৪ লাখ ৯ হাজার ৬২৬টি পদের মধ্যে শূন্য দুই লাখ ৩৩ হাজার ৩৩৬টি।
এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারের (ভ‚মি) অফিসে মোট ৪৭ হাজার ৩৩টি পদের বিপরীতে শূন্য রয়েছে ১৪ হাজার ৮৫১টি পদ।