‘সুধা সদন’সহ হাসিনা পরিবারের ফ্ল্যাট-বাড়ি জব্দের আদেশ
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমিসহ বাড়ি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ মার্চ) বিচারক মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম আদালতে জমি ও ফ্ল্যাট জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ করার প্রয়োজনীয়তা রয়েছে।
যেসব সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে:
- টিউলিপ সিদ্দিক: গুলশানের ফ্ল্যাট (বাজারমূল্য: ৪৩ লাখ ২৪ হাজার ৯২০ টাকা)।
- সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল: ধানমন্ডির ১৬ কাঠা জমিসহ বাড়ি ‘সুধা সদন’ (বাজারমূল্য: ৩ কোটি ৩০ লাখ টাকা)।
- শেখ রেহানা:
- গাজীপুরের ৮.৫ কাঠা জমি (মূল্য: ৮ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা)।
- গাজীপুরের আরেক স্থানে ১.৫৫ শতাংশ জমি (মূল্য: ৩ লাখ টাকা)।
- সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট (মূল্য: ১৮ লাখ টাকা)।
- রাদওয়ান মুজিব সিদ্দিক ববি: গুলশানের ছয়টি ফ্ল্যাট (বাজারমূল্য: ৪ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা)।
দুদকের হিসাব অনুযায়ী, এসব সম্পদের মোট বাজারমূল্য ৮ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৩২০ টাকা।
আদালতের আদেশ অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সম্পদ হস্তান্তর বা বিক্রি করা যাবে না।