স্ত্রী গায়ে হাত তোলায় তাকে খুন করল স্বামী
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক ঘুমন্ত স্ত্রীকে শিল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, রাতে স্ত্রী তার দুই ভাইয়ের সামনে ঝগড়ার এক পর্যায়ে তার স্বামীর গায়ে হাত তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে ভোরে স্বামী শিল দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা করেন।
আজ মঙ্গলবার ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানিয়েছেন, পাগলার মধ্যরসুলপুর এলাকার ভাড়া বাড়ি থেকে এদিন সকালে রুবেলকে আটক করেছেন তারা।
রুবেলের নিহত স্ত্রীর নাম ফারজানা বেগম (২৭)। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরভোতা গ্রামের মৃত নূর নবীর মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘‘সকাল ছয়টার দিকে ফারজানাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷ তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে।’’
ফারজানার স্বামী রুবেল বাসচালক। তিনি লক্ষ্মীপুর জেলার উত্তর চরমার্টিনের হাসানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন-চার মাস আগে ফারজানা ও রুবেলের বিয়ে হয়৷ বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো৷ সোমবার রাতেও তাদের মধ্যে কলহ হয়। এই ঘটনার সময় নিহত ফারজানার দুই ভাই ওই বাসাটিতে ছিলেন৷
পুলিশ জানায়, রাতে কলহের কারণে ক্ষিপ্ত রুবেল ভোর ৫টার দিকে ঘুমন্ত স্ত্রীকে শিল দিয়ে আঘাত করে হত্যা করেন।
এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রুবেলকে আটক করে। পুলিশ রক্তমাখা পাথরের শিল জব্দ করে।
রুবেল পুলিশকে জানিয়েছেন, আগের রাতে ঝগড়ার সময় দুই ভাইয়ের সামনে স্ত্রী ফরজানা তার গায়ে হাত তোলেন৷ এতে ক্ষিপ্ত হয়ে তিনি তাকে খুন করেছেন।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।