সরকারের প্রতিপক্ষকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে: জি এম কাদের
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, দেশের দুষ্টের পালন এবং শিষ্টদের দমন চলছে। তিনি বলেন, “দাগি আসামি ও খুনিদের জেলখানা থেকে ছাড় দেওয়া হচ্ছে, অথচ অসহায় মানুষরা জেলখানায় আটকে আছে।”
জাপার কেন্দ্রীয় কার্যালয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় জি এম কাদের আরও বলেন, “যাঁকে সরকার প্রতিপক্ষ মনে করছে, তাঁকেই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এভাবেই সাধারণ মানুষ দমন করা হচ্ছে।”
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “আইনশৃঙ্খলার অবনতির দায় সরকারের। দেশকে শান্তিতে রাখতে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে যান। দেশের মানুষ চায় শান্তিতে বসবাস করতে।”
জি এম কাদের হিন্দু সম্প্রদায়ের নতুন প্রজন্মকে সরকারের নির্যাতন ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, “জাতীয় পার্টির নেতাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সমালোচনা করার কারণে কিছু বহিষ্কৃত নেতা লাঙ্গল প্রতীক ব্যবহার করতে চাইছেন।”
অনুষ্ঠানে তুষার ঘোষ সভাপতিত্ব এবং সমরেশ মণ্ডল মানিক সঞ্চালনায় বক্তব্য দেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, যুব ইউনিট সভাপতি শিবু সাহা, সনাতন পার্টি সাধারণ সম্পাদক সুমন কুমার রায়, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, মানবাধিকার নেত্রী সুমা বড়ালসহ আরও অনেকে।