শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বোরকা পরিধান নিষিদ্ধ করতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 11:03 দুপুর • 172 বার পঠিত
শ্রীলঙ্কায় বোরকা পরিধান নিষিদ্ধ করতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

শ্রীলঙ্কায় বোরকা পরিধান নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারার প্রস্তাবটি অনুমোদন দেয়। তিনি মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকাকে ‘ধর্মীয় চরমপন্থার পরিচায়ক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার ফলে জাতীয় নিরাপত্তা উন্নত হবে।

মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এখন অ্যাটর্নি জেনারেলের বিভাগে পাঠানো হবে এবং আইন হিসেবে পাস হতে সংসদে অনুমোদিত হতে হবে। সংসদে আইনটি সহজেই পাস হবে বলে মনে করা হচ্ছে, কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের দখল রয়েছে সরকারের।

২০১৯ সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলায় ২৬০ জন নিহত হওয়ার পর বোরকা সাময়িকভাবে নিষিদ্ধ করে দিয়েছিল সরকার। সন্ত্রাসী সংগঠন আইএস এর সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় দুটি সংগঠনকে এই হামলার জন্য দায়ী করা হয়।

গত মাসে, শ্রীলঙ্কায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সাদ খাত্তাক টুইটারে বলেন, এই নিষিদ্ধকরণ মুসলিমদের অনুভূতিতে আঘাত করবে।

জাতিসংঘের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আহমেদ শাহেদ এক টুইটার পোস্টে বলেছেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং ধর্মীয় মত প্রকাশের অধিকারের সঙ্গে সামঞ্জস্য নয়।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় ৯ শতাংশ জনগোষ্ঠী মুসলিম। বৌদ্ধ জনগোষ্ঠীর পরিমাণ ৭০ শতাংশ। ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী তামিল রয়েছে ১৫ শতাংশ। এদের অন্ধিকাংশই হিন্দু।