শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মে 2022, 05:57 বিকাল • 276 বার পঠিত
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে চলা গণবিক্ষোভের মধ্যে পদত্যাগ করলেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর, আজ সোমবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

প্রেসিডেন্ট গোটাবায়ার বড় ভাই মাহিন্দা। দেশের অর্থনৈতিক সংকটের কারণে তাদের দায়ী করে শ্রীলঙ্কায় আন্দোলন চলছে। আন্দোলন ঠেকাতে এখন জরুরি অবস্থা জারি আছে দেশটিতে। 

৭৬ বছর বয়সী মাহিন্দার পদত্যাগের পাশাপাশি শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর চান্না জয়াসুমানাও তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন। 

এদিকে প্রেসিডেন্ট গোটাবায়ার অফিসের সামনে বিক্ষোভ হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাতে ৭৮ জন আহত হয়েছেন। এই অবস্থায় সারা দেশ জুড়ে কারফিউ জারি করেছে লঙ্কান সরকার। রাজধানী কলম্বোতে আর্মি নামানো হয়েছে। 

এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপাকসের পদত্যাগের দাবি জোরদার হয়েছিল এই দ্বীপরাষ্ট্রে। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটি কখনও এমন চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েনি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ঋণ এবং সুদ মেটাতে চলতি বছরের মধ্যে অন্তত ৬৯০ কোটি ডলার (প্রায় ৫২,৪০০ কোটি টাকা) ব্যয় করার কথা শ্রীলঙ্কার। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে। মাসের পর মাস এই অবস্থার বিরুদ্ধে দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করে শ্রীলঙ্কার আমজনতা। ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আন্দোলনে সামিল হয় কলকারখানায় লক্ষ লক্ষ কর্মী, গণপরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরাও।