সৌদি আরবের পূর্বাঞ্চলে আল আহসা প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত আল আহসা প্রদেশে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। যা চলতি বছর বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা। আল আহসা সৌদি আরবের সর্ববৃহৎ প্রাকৃতিক বনাঞ্চল। এই এলাকা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। গত সোমবার সেখানে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২০২০ সালে এর বেশি তাপমাত্রা আর কোনো অঞ্চলে হয়নি।
ওই অঞ্চলটি জাফুরাহ মরুভূমি দিয়ে পরিবেষ্টিত। যার কারণে প্রতিবছর গ্রীষ্মে সেখানে তীব্র তাপদাহ হয়। সেখানে আবহাওয়ার পরিস্থিতি এমন যে সহজেই কৃষিকাজ করা যায়। বিশেষ করে, সৌদি আরবের খেজুর, ফলফলাদি, লেবুর বেশিরভাগই আল আহসা থেকে আসে।
জানা যায়, ওই এলাকায় গ্রীষ্মকালীন তাপমাত্রা কমাতে সরকারি প্রচেষ্টায় ২০ লাখের বেশি পাম গাছ রোপন করা হয়েছে। এর কারণে ওই এলাকার কৃষকরাও লাভবান হবেন। কিন্তু এবারের তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ফেলায় সৌদি প্রশাসন নতুন করে ভাবতে শুরু করেছে।