সোনার দাম ভরিতে কমল ২৯১৬ টাকা
এক লাফে ৪ হাজার টাকা বেড়ে যাওয়ার দিন ছয়েকর মধ্যে আবার সোনার দাম কমল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার জানিয়েছে, ভালো সোনার দাম ভরিতে ২৯১৬ টাকা পর্যন্ত কমে যাচ্ছে। শুক্রবার থেকে এই দাম কার্যকর হবে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার জন্য খরচ পড়বে ৭৫ হাজার ৯৩২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৬৫ হাজার ৮৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৫৪ হাজার ২৩৭ টাকা।
এ ছাড়া ২২ ক্যারেট রূপার ভরির দাম হচ্ছে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের ভরির দাম ১ হাজার ৪৪৩ টাকা, ১৮ ক্যারেট এক ভরির দাম ১ হাজার ২২৫ টাকা হচ্ছে। আর সনাতন রূপার দাম প্রতি ভরির জন্য পড়বে ৯৩৪ টাকা।
গত শনিবার (২১ মে) এক লাফে সোনার দাম প্রতি ভরিতে বেড়েছিল ৪ হাজার ১৯৯ টাকা। তাতে দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ জায়গায় পৌঁছেছিল। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাম হয়ে গিয়েছিল ৮২ হাজার ৪৬২ টাকা।