শনাক্ত ২৮, মৃত্যু নেই
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২৮ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তাদের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন। আর সব মিলিয়ে এখন পর্যন্ত করোয় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ এক হাজার ৭৯৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে চার হাজার ৩১৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৩২৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪১ লাখ ৬০২টি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চার জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৮৩২ জন। আইসোলেশন থেকে মোট ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৪ হাজার ৪৬৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।