শনাক্ত ২৪, সবাই ঢাকার, টানা চারদিন মৃত্যু নেই
গত একদিনে দেশে করোনাভাইরাসের যত রোগী পাওয়া গেছে তাদের সবাই ঢাকা বিভাগের। এই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪ রোগী। আর এই সময়ে দেশে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে টানা চারদিন কোভিডে মৃত্যুহীন রইল দেশ।
টেস্ট হয়েছে সব জেলায়। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সব মিলে প্রায় ছয় হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। তা করে ২৪ জন রোগী শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৫ শতাংশ ছিল।
শেষ ২৪ ঘণ্টার ফলে দেখা যায় সব রোগী ঢাকা বিভাগের মধ্যে। এই সময়ে দেশের বাকি সাতটি বিভাগ এবং ৬১ জেলায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।
বাংলাদেশে এখন করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটিই কমে এসেছে। গত ২৫ মার্চের পর থেকে আজ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশর নিচে রয়েছে। ৪ এপ্রিলের পর এই সংখ্যা ৬০ ছাড়ায়নি।
নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জন হয়েছে। গত চারদিনে কোনো মৃত্যু না হওয়ায় করোনায় দেশে মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জনে রয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩২৯ জন; তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৩ হাজার ৪৬০ জন সুস্থ হয়ে উঠলেন।