শনাক্ত ২৩, মৃত্যু নেই
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে কেউ মারা যাননি।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। আগের ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী পাওয়া গিয়েছিল।
এদিন নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৫৯ শতাংশ। আগের দিন তা ছিল দশমিক ৬৫ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় কেউ করোনাভাইরাসে মারা না যাওয়ায় এই মহামারীতে মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মত ২৯ হাজার ১৩০ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ২২১ জন। সব মিলে ১৯ লাখ ২ হাজার ১৬ জন সেরে উঠলেন।