স্কটল্যান্ডের একটি হোটেলে ছুরিকাঘাতের হামলায় নিহত ৩
স্কটল্যান্ডের গ্লাসগো শহরের কেন্দ্রস্থলে একটি হোটেলে ছুরিকাঘাতের হামলার পরে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া হোটেলের বাইরে আরো ২ জন নিহত হয়েছেন। শুক্রবার গ্লাসগোর ওয়েস্ট জর্জ স্ট্রিটের পার্ক ইন হোটেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। যাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা আছেন যার অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ আরো জানায়, সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য কোনো বিপদ নেই।
স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী নিকোলা স্টারজন বলেন, হামলার ঘটনার প্রতিবেদনগুলো সত্যিই ভয়ঙ্কর। সেখানকার পরিস্থিতি সম্পর্কে তিনি সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। এছাড়া এ ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। গ্লাসগোর এই ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
উর্ধ্বতন এক সূত্র জানিয়েছে, ছুরিকাঘাতের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করা হচ্ছে। এছাড়া এটি কোনো সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত কিনা সেটিও খুব তাড়াতাড়ি জানা যাবে বলে জানান তিনি।