শিশুদের করোনার টিকা এলো দেশে
দেশে চলে এসেছে শিশুদের জন্য করোনাভাইরাসের ১৫ লাখের বেশি ডোজ টিকা। এইসব টিকা দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আগামী আগস্টে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান ডা. মো. শামসুল হক জানিয়েছেন, আজ শনিবার সকালে এই টিকা এসেছে। সব মিলে ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে।
তিনি বলেন, ‘‘এটা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার পেডিয়াট্রিক ডোজ, অ্যাডাল্ট ডোজ নয়।’’
ডা. মো. শামসুল হক আরো জানান, আগস্টে এসব টিকা পরিকল্পনা করে স্কুলের শিশুদের দেওয়া হবে। স্কুলের পর যেসব শিশু এখনো স্কুলে আসে না তাদের ক্যাম্পেইন করে টিকা দেওয়া হবে।
এই প্রথম বাংলাদেশের শিশুদের জন্য বিশেষভাবে তৈরি কোভিড-১৯ এর টিকা এল। এই টিকা এসেছে কোভ্যাক্স থেকে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সারাদেশে ষাট বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু হয়। এরপর পর্যায়ক্রমে টিকার নির্ধারিত বয়সসীমা কমিয়ে ১৮ বছরে আনা হয়।
গত বছর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও করোনাভাইরাসের টিকার আওতায় আনা হয়।