শিগগির বুস্টার ডোজ নিন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আগের দিন সবাইকে সতর্ক করেছিলেন। আর এদিন করোনা প্রতিরোধী বুস্টার ডোজ নিতে আহ্বান জানালেন। তিনি জানিয়েছেন, করোনা বাড়তে শুরু করেছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা ছিল। এরপর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘‘যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ, করোনা কিছুটা হলেও বাড়তি আমাদের দেশে। আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।’’
বাংলাদেশে গত ২৬ মার্চ রোজকার শনাক্ত ১০০’র নিচে নেমে গিয়েছিল। এর ধারাবাহিকতায় গত ৫ মে পাওয়া যায় মাত্র ৪ জন রোগী। কিন্তু ২২ মের পর থেকে রোজ সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে।
রোববার ১১ সপ্তাহ পর ফের দিনে শনাক্তের সংখ্যা ১০০ ছাড়ায়। সেদিন ১০৯ জন রোগী পাওয়া যায়। পরের দিন সোমবার পাওয়া যায় ১২৮ জন। মঙ্গলবার তা বেড়ে হয় ১৬২ জন। আর গতকাল বুধবার তা ২০০ ছাড়িয়ে ২৩২ জন হয়ে গেল। ১৭ মার্চের পর ফের দৈনিক শনাক্ত ২০০ ছাড়িয়েছে।
এখন বুস্টার ডোজ নেওয়ার আদর্শ সময় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান করবো, যারা এখনো বুস্টার ডোজ নেননি, অতি শিগগির নিয়ে নিন।’’
তবে অনেকের এখনো অনীহা টিকা নেওয়ার ব্যাপারে। বুস্টার ডোজ নিতে বাধ্যবাধকতা আরোপের প্রশ্নেও নরম সূর জাহিদ মালেকের। তিনি বলেন, ‘‘স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমরা চাপিয়ে দিতে পারবও না।’’