শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
সংস্কৃতি

শেষ সপ্তাহে নতুন বইয়ে জমজমাট বইমেলা

মোহাম্মদ খাইরুল আমিন • 25 ফেব্রুয়ারি 2025, 10:09 দুপুর • 208 বার পঠিত
শেষ সপ্তাহে নতুন বইয়ে জমজমাট বইমেলা

অমর একুশে বইমেলার শেষ সপ্তাহে জমজমাট সোহরাওয়ার্দী উদ্যান; দূরদূরান্ত থেকে আসছেন বইপ্রেমীরা, তালিকা ধরে স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন।

মেলার শেষ দিনগুলোতে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত সেই সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার। এসব বইয়ের মধ্য থেকে পছন্দের বই সংগ্রহে মেলার শেষ দিকেই আসছেন বইপ্রেমীরা।

সোমবার রাজশাহী থেকে জুনায়েদ আহমেদ এসেছিলেন মেলায়। হাতে একটা কাগজে লেখা অনেকগুলো বই ও প্রকাশনীর নাম। ওই তালিকা ধরে বিভিন্ন স্টল ঘুরছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জুনায়েদ বলেন, প্রতি বছরই তিনি বইমেলা থেকে বেশ কিছু বই কেনেন। সেগুলো গ্রামের স্কুলের ছেলেমেয়েদের তিনি উপহার দেন।

সৈকত তালুকদার নামে আরেকজন বললেন, বই কেনার জন্য এবার ২০ হাজার টাকা বরাদ্দ করেছেন। নিজের বাসার জন্যেই প্রতিবছর এভাবে তিনি বই কেনেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ ছাড়া সারা বছর বই কিনি। খুব ইচ্ছা চাকরিজীবন শেষ হলে গ্রামে গিয়ে একটা বাড়ি বানাব, যেখানে আমার থাকার কক্ষটি ছাড়া পুরো বাড়িজুড়েই থাকবে বই।

“আমার বাড়িটিতে পাঠাগার হিসেবে গ্রামের ছেলেমেয়েরা এসে বই পড়বে। এজন্যই বই সংগ্রহ করি।”

জুনায়েদ ও সৈকতের মত আরও অনেকেই মেলার শেষ সপ্তাহে এসেছেন বই কিনতে। প্রকাশনীগুলোর বিক্রয়কর্মীরা বলছেন, একুশে ফেব্রুয়ারির পর থেকে মেলায় বিক্রি বেড়েছে।

দোলন প্রকাশনীর কামাল মুস্তাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলা শুরুর পর অনেকে নানান সূত্র থেকে জানার চেষ্টা করেন কী বই এসেছে। আর শেষ সপ্তাহে তালিকা হাতে নিয়ে অনেকেই বই কিনতে আসেন।”

সোমবার ছিল বইমেলার ২৪ তম দিন। এদিন মেলা শুরু হয় বিকেল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত।

বইমেলার জনসংযোগ বিভাগ বলছে, সোমবার বইমেলায় নতুন বই এসেছে ৯৮টি। এতে বইমেলায় নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২১টি।

সোমবার সবচেয়ে বেশি ৭৮১টি কবিতার বই প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ প্রকাশিত হয়েছে উপন্যাস, ৩৭০টি। এরপর গল্পগ্রন্থ ৩০৫টি, প্রবন্ধ ৯৮টি, গবেষণাগ্রন্থ ৫৪টি, ছড়া ৫৮টি, শিশুতোষ ৯১টি, জীবনীগ্রন্থ ৬৫টি, রচনাবলি ১৮টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ১৭টি, নাটক বিষয়ক ২২টি, বিজ্ঞান ৪৫টি, ইতিহাস ৫৫টি, রাজনীতি ২২টি, স্বাস্থ্য বিষয়ক ২০টি, ভাষা বিষয়ক ১৩টি, গণঅভ্যুত্থান ৩১টি, ধর্মীয় ৩৮টি, অনুবাদ ২৬টি, অভিধান সাতটি, সায়েন্স ফিকশন ৩৪টি এবং অন্যান্য ক্যাটাগরির বই ৩২২টি।

এর আগের দিন রোববার নতুন বই এসেছে ৬৭টি, শনিবার এসেছে ১৪৪টি।

বইয়ের তালিকায় নতুন

বইমেলায় মাজহার সরকারের কবিতার বই 'ঝিটকি ফুলের ক্ষমতা' এনেছে জাগৃতি প্রকাশনী এবং বেঙ্গলবুকস এনেছে পিয়াস মজিদের কবিতাগ্রন্থ ‘রূপকথার রাস্তাঘাট’। এ ছাড়া নবান্ন প্রকাশনী এনেছে জয়দুল হোসেনের কবিতার বই ‘ফুল পাখি চাঁদ’। চৈতন্য এনেছে জুয়েইরিযাহ মউ এর কবিতার বই ‘খুলিতে হাসপাতাল’। গ্রন্থিক এনেছে ইলা মিত্রকে নিয়ে লেখা প্রশান্ত হালদারের নাট্যগ্রন্থ ‘ইলা’।