শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিলে না যাওয়ার আহ্বান রাশেদ খানের

মোহাম্মদ খাইরুল আমিন • 21 মার্চ 2025, 03:58 দুপুর • 305 বার পঠিত
সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিলে না যাওয়ার আহ্বান রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভের ফাঁদে পা না দিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই বার্তা দেন।

তিনি বলেন, সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভালো হবে না, বরং হিতে বিপরীত হতে পারে।

রাশেদ খান উল্লেখ করেন যে, গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি অংশ ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছে এবং তরুণ অফিসারদের ভূমিকা ছিল অপরিসীম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা আগের মতোই জনগণের পক্ষে থাকবেন এবং গুটিকয়েক ব্যক্তির ষড়যন্ত্র সফল হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা ও বিবৃতি দিয়ে মিছিল বা বিক্ষোভ করুন। কোনোভাবে মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা দেবেন না। গণঅভ্যুত্থানের পরে আমাদের সকল সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায়, ধৈর্য্যেরসহিত নিতে হবে।