রুশ বিরোধী নেতা নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানিতে নেয়া হয়েছে
সন্দেহভাজন বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ রাশিয়ান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে সাইবেরিয়ান শহর ওমস্ক থেকে জার্মানিতে নেয়া হচ্ছে।
৪৪ বছর বয়সী রাজনীতিক ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ও রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সাইবেরিয়া থেকে দেশে ফেরার পথে বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়লে ওমস্কের আইসিইউতে ভর্তি করা হয়। নাভালনির সমর্থকদের বিশ্বাস, তার চায়ের মধ্যে বিষ মেশানো হয়েছিল। রুশ সরকারের বিরুদ্ধে বিষ মেশানো ও জার্মানিতে নিতে বাধা তৈরির অভিযোগ এনেছে তার রাজনৈতিক দল।
তবে রাশিয়ান চিকিৎসকরা বিষ মেশানোর কোনো প্রমাণ পাননি বলে দাবি করেছেন। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, নাভালনিকে অন্য কোথাও না নেয়ার সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ স্বাস্থ্য বিষয়ক, রাজনৈতিক নয়।
ওমস্ক হাসপাতালের চিকিৎসকরা বলছেন, নাভালনির স্বাস্থ্যের অবস্থা খুব সংকটাপন্ন। তাকে নড়াচড়া করানোর মতো অবস্থা নেই। তবে তার আত্মীয়রা সেই ঝুঁকি নেয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
টুইটারে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানান, শনিবার সকালের দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেয়া হয়। তাকে বিমানে ওঠানোর একটা ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তার স্ত্রীও ছিলেন। ইয়ারমিশ বলেছেন, অ্যালেক্সেইকে নিয়ে এই বিমান বার্লিনে যাচ্ছে। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। অ্যালেক্সেইর বেঁচে থাকার যুদ্ধ শুরু হলো মাত্র।