রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে নেটো সামরিক শক্তি বাড়াচ্ছে
ইউক্রেন সীমান্তে রাশিয়ার অব্যাহত সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। নেটো বলছে তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে।
ব্রিটেন ইউক্রেনে তাদের দূতাবাস থেকে কিছু কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করছে। ব্রিটিশ সরকার বলছে রাশিয়ার সামরিক হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রও ইউক্রেন থেকে তাদের দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের দেশে চলে আসার নির্দেশ দেয়। ইউক্রেনে আমেরিকান কোম্পানির সরাসরি নিযুক্ত কর্মীদেরও স্বেচ্ছায় দেশত্যাগের অনুমোদন দেওয়া হয়েছে।
আমেরিকা বলছে আক্রমণ "যে কোন মুহূর্তে" ঘটতে পারে। আমেরিকা তার নাগরিকদের এখন ইউক্রেন বা রাশিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
সামরিক পদক্ষেপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া তবে সীমান্তে রুশ সৈন্য সংখ্যা অনেক বেড়েছে।
ইইউর পররাষ্ট্র মন্ত্রীরা এ বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন যে বৈঠকে ভিডিও কলের মাধ্যমে যোগ দেবেন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।