রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা
রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোদের একটি তেলের ডিপোতে ইউক্রেন হামলা চালিয়েছে বলে খবর বেরিয়েছে। খবরটি দিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। এই ঘটনায় ডিপোর দুজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আরটির প্রতিবেদনে বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক প্রধান ভিচেস্লাভ গ্লাদকভের বরাত দিয়ে জানানো হয়, ইউক্রেনের দুটি সামরিক হেলিকপ্টারের মাধ্যমে এই হামলা চালানো হয়। হেলিকপ্টার দুটি কম উচ্চতা দিয়ে উড়ে রুশ ভূখণ্ডে প্রবেশ করে।
প্রতিবেদনে আরো বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বের শহর বেলগোরোদের প্রশাসনিক রাজধানীতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৬টার পর থেকে অনলাইনে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় যে দুজন আহত হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।
রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের কাছ থেকে জেনে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, তেলের ডিপোর ৮টি ট্যাংকে আগুন জ্বলছে। সেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ভিচেস্লাভ গ্লাদকভ জানান, আগুন নিয়ন্ত্রণে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছিলেন। দমকল বাহিনীকে হিমশিম খেতে হচ্ছিল। কাছাকাছি ৩টি রাস্তার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়।