পশ্চিমবঙ্গে সব নির্বাচনি জনসভা বাতিল করলেন তৃণমূল ও নরেন্দ্র মোদি
ভারতের নির্বাচন কমিশন করোনাভাইরাস নিষেধাজ্ঞা জারি করার পর এবার পশ্চিমবঙ্গের মাটিতে সব নির্বাচনি জনসভা বাতিল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মমতা বলেন, আমরা ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে যাব। ভার্চুয়ালি মিটিংয়ের সময়সূচি খুব শিগগির জানিয়ে দেয়া হবে।
সে ক্ষেত্রে আগে থেকে যেসব রোড শো ও মিছিলের অনুমতি দেয়া ছিল সেগুলো সবই বাতিল করে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা ৭টা থেকে সব রোড শো ও পদযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি বাইক ও সাইকেল শোভাযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে শুধু সর্বাধিক ৫০০ জনকে নিয়ে জনসভা করা যাবে। তবে সেটাও শর্তসাপেক্ষে।
এর আগে কলকাতায় বড় কোনো সভা না করার ঘোষণা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী কলকাতার বাইরে সভাগুলোতে তিনি মাত্র ১৫ মিনিট বক্তব্য দেন। কিন্তু, তারপরও রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে চলায় এবার সব জনসভা বাতিলের সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক মহল।
অন্যদিকে, করোনা পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গে সব সভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তিনি। জানা গেছে, কলকাতা সিউড়ি, মালদহ এবং মুর্শিদাবাদে সভা ছিলো মোদির। কিন্তু, করোনার জন্য সেই সভা ভার্চুয়ালি করা হবে।