প্রযুক্তি খাতের উন্নয়ন দেশের সমৃদ্ধির চিহ্ন: আইসিটি প্রতিমন্ত্রী
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য প্রযুক্তি খাতে দেশের রফতানি আয় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। প্রযুক্তি খাতের অভূতপূর্ব উন্নয়ন সমৃদ্ধির চিহ্ন।
সোমবার (১৪ জানুয়ারী ২০২২) দুপুরে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইউকিউবেশন সেন্টার ভবনে হাইটেক পার্ক স্থাপন প্রকল্প, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা জনগণের সেবক হিসেবে সততা, দূরদর্শিতা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় চারটি স্তম্ভের ওপরে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি প্রতিষ্ঠা করে দিয়েছেন। এর ফলে তথ্য প্রযুক্তি খাতে ২০ লক্ষ তরুণের কর্মসংস্থান হয়েছে।
দেশের ফ্রিল্যান্সাররা বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছেন। ২০১টি নাগরিক সেবা ডিজিটাল প্লাটফর্মে প্রদান করা হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে দ্রুতগতির অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ায় গ্রামে বসে সাধারণ জনগণ ২৫০ প্রকার নাগরিক সেবা পাচ্ছেন। করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও দেশের পাঁচ কোটি শিক্ষার্থী অনলাইন ক্লাসে সংযুক্ত থেকেছে।